নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়াবিরোধী অভিযান: মানমাত্রায় পাওয়ায় মেলেনি জরিমানা
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় বায়ুদূষণ রোধে যানবাহনের ক্ষতিকর কালো ধোঁয়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় নওগাঁ সদরের নতুন সাহাপুর (সান্তাহার মোড়) এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ওই সড়ক দিয়ে চলাচলকারী ৪টি যানবাহনের ধোঁয়া পরীক্ষা করা হয়। পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় গবেষণাগারের একটি কারিগরি দল ডিজিটাল যন্ত্রের সাহায্যে ধোঁয়া পরিমাপ করেন। পরীক্ষায় প্রতিটি যানবাহনের নিঃসৃত ধোঁয়া ‘বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২’ অনুযায়ী নির্ধারিত মানমাত্রার ভেতরে পাওয়া যায়। ফলে কোনো যানবাহনের বিরুদ্ধে জরিমানা বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্বে ছিলেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। কারিগরি সহযোগিতায় ছিলেন সিনিয়র কেমিস্ট মোঃ ইব্রাহিম হোসেন, জুনিয়র কেমিস্ট মোঃ আবুল বাসার ও নমুনা সংগ্রহকারী মোঃ গোলাম মোস্তফা। নিরাপত্তায় ছিল ব্যাটালিয়ন আনসারের একটি টিম। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
