নওগাঁয় মাদকাসক্ত যুবকের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, চুরির সময় হাতেনাতে আটক
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ শহরের চন্ডিপুর ৯ নম্বর ওয়ার্ডের গ্যাংজোয়ার হাজীপাড়া গ্রামে এক মাদকাসক্ত যুবকের বেপরোয়া আচরণ ও চুরির উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এলাকায় একের পর এক চুরির ঘটনার পর অবশেষে গতকাল মো. শাওন (২৪) নামের ওই যুবককে চুরির মালামালসহ হাতেনাতে আটক করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। আটক শাওন ওই গ্রামের মো. শাহীনের ছেলে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত শাওন তীব্র মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে মাদকের টাকার জোগাড় করতে সে এলাকায় এক প্রকার তাণ্ডব চালিয়ে আসছিল। পাড়া-মহল্লার ইন্টারনেট লাইনের ওয়াইফাই তার, রাউটার, অণূ থেকে শুরু করে স্থানীয়দের গৃহপালিত হাঁস-মুরগি, ছাগল ও দোকানপাটের বিভিন্ন মালামাল চুরির পেছনে তার সম্পৃক্ততার অভিযোগ দীর্ঘদিনের। তার এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ ও দিশেহারা হয়ে পড়েছিলেন পুরো হাজীপাড়া গ্রামের মানুষ। সর্বশেষ চুরির সময় হাতেনাতে ধরা পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তবে ভবিষ্যতের বড় কোনো অপরাধের আশঙ্কায় ক্ষুব্ধ বাসিন্দারা তাকে সরাসরি আইনের আওতায় সোপর্দ করার জোর দাবি জানিয়েছেন। এলাকাবাসীর মতে, একজন মাদকাসক্ত ব্যক্তি কেবল তার নিজের পরিবার বা সুনির্দিষ্ট কোনো এলাকার জন্যই বিপদজনক নয়, বরং পুরো দেশের জন্যই এক বিরাট বোঝা। মাদকের টাকার জন্য এরা ভবিষ্যতে আরও বড় এবং ভয়ংকর অপরাধ ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন তারা। সমাজ থেকে এই ব্যাধি দূর করার আহ্বান জানিয়ে স্থানীয়রা বলেন, “আমরা চাই না আমাদের এলাকা কিংবা দেশের কোথাও আর কোনো যুবকের জীবন এভাবে মাদকের অন্ধকারে হারিয়ে যাক।”
এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যুবসমাজকে রক্ষা করতে আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এই চক্র ও মাদক ব্যবসার সাথে জড়িত অন্য অপরাধীদেরও দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
