নওগাঁয় ডিবির অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিশেষ প্রতিনিধি নওগাঁ :
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রবিবার (০১ মার্চ) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি দল বদলগাছি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিকেল আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানিক দল জানতে পারে যে, বদলগাছি উপজেলার কোমারপুর গ্রামে জনৈক তুহিনের বাড়ির পূর্ব পাশে রাস্তার ধারে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় কোমারপুর গ্রামের বাসিন্দা ওয়ারেছ বাবু (৪৫), পিতা আক্কাস আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়।
তল্লাশি কালে তার হেফাজত থেকে ২০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, নওগাঁ জেলাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
