নির্ধারিত সময়ের আগেই পুষ্পার্পণ, প্রশাসনের দায়হীনতায় সব অনুষ্ঠান বর্জন করলেন সাংবাদিকরা
সময় অনলাইন ডেস্ক:
নওগাঁর ধামইরহাটে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পার্পণের সময়সূচি নিয়ে প্রশাসনিক বিভ্রাটের সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ের আগেই পুষ্পার্পণ সম্পন্ন করায় সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নিতে না পারায় ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা আমন্ত্রণপত্রে পুষ্পার্পণের সময় সকাল সাড়ে ৮টা নির্ধারণ করা হলেও বাস্তবে সকাল ৭টার আগেই কার্যক্রম শেষ করা হয়। ফলে নির্ধারিত সময় অনুযায়ী শহীদ মিনারে উপস্থিত হয়ে সাংবাদিকরা দেখতে পান—উপজেলা প্রশাসনের পুষ্পার্পণ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
হঠাৎ করে সময়সূচি পরিবর্তনের বিষয়ে পূর্বে কোনো ধরনের অবহিত না করায় সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তাদের অভিযোগ, এমন গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে এ ধরনের সমন্বয়হীনতা প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বহন করে।
এ ঘটনায় ধামইরহাট উপজেলার বিভিন্ন প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মী ও স্থানীয় সচেতন মহল দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এটিকে সাংবাদিকদের প্রতি অবহেলা ও অসম্মানের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
প্রতিবাদস্বরূপ ধামইরহাট উপজেলার মূলধারার সকল প্রেস ক্লাবের যৌথ সিদ্ধান্তে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের সকল কর্মসূচি ও সংবাদ বর্জনের ঘোষণা দেন সাংবাদিকরা।
সংশ্লিষ্টদের দাবি, জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবসে এমন অব্যবস্থাপনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের আরও দায়িত্বশীল ভূমিকা কামনা করেন তারা।
